রাঙ্গুনিয়ার প্রায় ২০০ জন ক্রিকেটপ্রেমী শিক্ষার্থী ও তরুণ ক্রিকেটার শুক্রবার(১৯ জুন) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পাচ্ছেন।
এ উদ্যোগের কথা জানিয়ে হুমাম কাদের চৌধুরী ফেসবুকে লিখেন, “ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি আমাদের আবেগ, ভালোবাসা ও একতার প্রতীক। রাঙ্গুনিয়ার তরুণদের আন্তর্জাতিক মানের ক্রিকেট উপভোগের সুযোগ করে দিতে পেরে আমি আনন্দিত।”
তিনি জানান, রাঙ্গুনিয়ার ক্রিকেটপ্রেমী শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার এ আয়োজন তাদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি তামিম ইকবাল এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। টিকিট প্রদানের মাধ্যমে তরুণদের জন্য এমন সুযোগ সৃষ্টি করায় তিনি ধন্যবাদ জানান।
হুমাম কাদের চৌধুরী আরও বলেন, রাঙ্গুনিয়ায় ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাঁর বিশ্বাস, ধারাবাহিক প্রচেষ্টা ও সঠিক পরিচর্যার মাধ্যমে একদিন রাঙ্গুনিয়ার মাটি থেকেও জাতীয় দলের তারকা ক্রিকেটার উঠে আসবে।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন।