নিজস্ব প্রতিবেদক
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া রিপোর্টার ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সদস্য জাহেদুল ইসলাম আরিফকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন মুগদা থানার সাবেক সাধারণ সম্পাদক কাজী জুয়েলকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাঁকে প্রাথমিক সদস্যপদসহ যুবদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হেনস্তার শিকার সাংবাদিক জাহেদুল ইসলাম আরিফ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই তিনি কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি জানার পর কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
আরিফ বলেন, “বিশৃঙ্খলাকারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অপেশাদার আচরণকারীদের বিরুদ্ধে যুবদল যে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে, এই সিদ্ধান্ত তারই প্রমাণ। দ্রুত ও ন্যায্য পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় যুবদল নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব। এক বিবৃতিতে ক্লাবের নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর শারীরিক ও মানসিক হেনস্তা গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। একই সঙ্গে ঘটনার পর দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হলেও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণকে স্বাগত জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। তাঁদের মতে, এ ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।