
রাঙ্গুনিয়ার মানুষের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে কাজ করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে সামাজিক ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম ‘টিম রাঙ্গুনিয়া’। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, তরুণ ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে সুসংগঠিত করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা।
প্রতিষ্ঠাতাদের ভাষ্য, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত অঞ্চলের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থেকে যায়। নাগরিক সেবা, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য কিংবা সামাজিক বিভিন্ন ক্ষেত্রে মানুষের ন্যায্য দাবি ও প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরার জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। সেই ভাবনা থেকেই ‘টিম রাঙ্গুনিয়া’র যাত্রা।
সংগঠনটির মূল দর্শন হলো জনকল্যাণ, মানবতা, ঐক্য ও নাগরিক অধিকার। তারা মনে করে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের সম্মিলিত শক্তিই পারে একটি সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিতে।
টিম রাঙ্গুনিয়ার ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সমস্যা ও অসঙ্গতি চিহ্নিত করা, নাগরিকদের ন্যায্য অধিকার ও সেবাপ্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা, তরুণদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি-ভিত্তিক বাস্তবসম্মত সমাধান উদ্যোগ গড়ে তোলা।
সংগঠনটির উপদেষ্টা এস এম ইকরাম হোসাইন সোহেল বলেন, “রাঙ্গুনিয়ার মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির পক্ষে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমরা চাই সমাজের সচেতন মানুষ, তরুণ প্রজন্ম এবং স্বেচ্ছাসেবীরা একসঙ্গে কাজ করে এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো সামনে আনুক। টিম রাঙ্গুনিয়া হবে জনস্বার্থে কথা বলার একটি দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ।”
সংগঠনের টিম লিডার মো. কাউসার হোসাইন বলেন, “আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সমগ্র রাঙ্গুনিয়ার মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের কথা মানুষের কাছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়াই হবে আমাদের অন্যতম দায়িত্ব।”
স্থানীয় সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে সমন্বয় করে যদি সংগঠনটি ধারাবাহিকভাবে জনস্বার্থের বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে, তবে এটি রাঙ্গুনিয়ার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ নাগরিক প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।
প্রতিষ্ঠাতাদের আশা, রাঙ্গুনিয়ার সৎসাহসী, মানবিক ও সচেতন মানুষের অংশগ্রহণে ‘টিম রাঙ্গুনিয়া’ একদিন এলাকার অধিকারবঞ্চিত মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠবে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব