
নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গুনিয়ার বেগম জাকির একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সেদিন ছিল একটু ভিন্ন পরিবেশ। শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে শিক্ষক নয়, পাঠদান করছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। ছোট ছোট শিক্ষার্থীরাও আগ্রহ নিয়ে শুনছিল তাঁর কথা, দিচ্ছিল প্রশ্নের উত্তর।
বৃহস্পতিবার (২১ মে) সকালে বিদ্যালয়টিতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান ইউএনও। পাঠদানের ফাঁকে তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং শিষ্টাচার চর্চার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণে পরিশ্রম করার কথাও বলেন তিনি।
পরে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে স্কুলব্যাগ তুলে দেন ইউএনও। পৌরসভার বরাদ্দে এসব ব্যাগ বিতরণ করা হয়। নতুন ব্যাগ পেয়ে খুশি হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবব্রত দাশ। তিনি বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং শিক্ষা উপকরণ সহায়তার মাধ্যমে তাদের বিদ্যালয়মুখী করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানোয় শিশুদের মাঝে পড়াশোনার আগ্রহ আরও বেড়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।