
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে ‘উপজেলা প্রশাসন আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, একটি দায়িত্বশীল ও সুস্থ জাতি গঠনে ক্রীড়ার কোনো বিকল্প নেই।
সোমবার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা মানুষকে জয়-পরাজয় মেনে নিতে শেখায় এবং তরুণদের শৃঙ্খলাবোধ ও দলগত মানসিকতা গড়ে তোলে। প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান তরুণ সমাজের বড় চ্যালেঞ্জ মাদক ও অনলাইন গেমে আসক্তি। প্রযুক্তির নেতিবাচক ব্যবহার তরুণদের বিপথে নিচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে পৌরসভাসহ ১৫ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মরিয়মনগর ক্রিকেট দলকে হারায় পৌরসভা ক্রিকেট দল।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পোমরা ইউনিয়ন পরিষদ ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন, রাঙ্গুনিয়া মডেল থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। পাশাপাশি সেবাপ্রার্থীদের জন্য ‘ওয়েটিং রুম কাম লাইব্রেরি’ উদ্বোধন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।