
ওমানে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি আগামী মঙ্গলবারের মধ্যে মরদেহ দেশে আনার আশ্বাস দিয়েছেন।
শুক্রবার(১৫ মে) দুপুরে উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজাপাড়া গ্রামে নিহতদের বাড়িতে যান হুমাম কাদের চৌধুরী। সেখানে তিনি নিহতদের ভাই এনাম উদ্দিনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
পরিবারের সদস্যরা জানান, নিহত চার ভাইয়ের মা খাদিজা বেগম এখনো ছেলেদের মৃত্যুর খবর জানেন না। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় বড় ধরনের ধাক্কার আশঙ্কায় বিষয়টি তাঁর কাছ থেকে গোপন রাখা হয়েছে। এ কারণে সংসদ সদস্যও বাড়ির ভেতরে যাননি।
হুমাম কাদের চৌধুরী বলেন, “ওমানে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “একটি পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে। যাঁরা বাবা-মা ও ভাই হারিয়েছেন, তাঁদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন তাঁদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।”
জুমার নামাজের আগে স্থানীয় মসজিদে মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মানুষের মৃত্যু যেকোনো সময় হতে পারে। তাই দুনিয়ার পাশাপাশি আখিরাতের বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা এবং নিহতদের স্বজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার রাতে ওমানে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলামের মৃত্যু হয়। তাঁরা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজার পাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।