
রাঙ্গুনিয়া উপজেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচির অংশ হিসেবে জার্সি উন্মোচন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজন করছে। শনিবার (২ মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জার্সি উম্মোচন ও স্ব স্ব দলের প্রধানের কাছে ক্রীড়া সামগ্রী তুলে দেন নতুন কুঁড়ি স্পোর্টস রাঙ্গুনিয়ার সভাপতি ও ইউএনও মো. নাজমুল হাসান। উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস এর সদস্য সচিব ও যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন, নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, ইকবাল আহমেদ ও ইসমাঈল হোসেন নয়ন।
ইউএনও নাজমুল হাসান বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” কর্মসূচি তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রামাঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
উপজেলা পর্যায়ে ইতোমধ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা যাচাই করা হবে।
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যা দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।