
রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১ মে) সকালে উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দায়ক-দায়িকা ও হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
শান্তি শোভাযাত্রাটি রাঙ্গুনিয়া পৌরসভার হরিণগেট এলাকার কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের থানাসদর, রোয়াজারহাট, ঘাটচেক ও ইছাখালিসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ হয় শোভাযাত্রায় রঙিন বৌদ্ধ পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দশ্রী স্থবির। উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুজিত তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু বড়ুয়া, অ্যাডভোকেট জয় বড়ুয়া, উত্তম বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সতু, অরুণ বড়ুয়া, সমর বড়ুয়া, সুব্রত বড়ুয়া ও তরুণ বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিলাল তালুকদার, সুদত্ত বড়ুয়া, দীপানন্দ মহাস্থবির, সত্যনান্দ স্থবির, উত্তমানন্দ স্থবির, ড. প্রিয়ানন্দ স্থবির, অতুলানন্দ স্থবির, সোহেল তালুকদার, নয়ন বড়ুয়া, রূপক তালুকদার সাকু, দোলন বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. নাজমুল হাসান বলেন, “গৌতম বুদ্ধ মানুষের কল্যাণ ও শান্তির বাণী প্রচার করে গেছেন। তাঁর মৈত্রী ও অহিংসার শিক্ষা বর্তমান সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”