ছোটবেলা থেকেই গান ছিল তার নিত্যসঙ্গী। পরিবারের উৎসাহ আর শিক্ষকদের স্নেহে গানের প্রতি ভালোবাসাকে লালন করতে করতে আজ সে পৌঁছে গেছে নতুন এক উচ্চতায়। রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কৃতি শিক্ষার্থী ঐন্দ্রিলা বড়ুয়া বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ পল্লীগীতি/লোকগীতি বিভাগে প্রথম স্থান অর্জন করে উজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছে।
চট্টগ্রাম জেলার প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতায় অংশ নেওয়া ঐন্দ্রিলা তার সুরেলা কণ্ঠ ও নান্দনিক পরিবেশনার মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয়। তার এই অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও অভিভাবকরা মনে করছেন, এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করবে।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের ফলে ঐন্দ্রিলার আত্মবিশ্বাস ও দক্ষতা বেড়েছে। তার এই সাফল্যের পেছনে পরিবার ও বিদ্যালয়ের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাকে সামনে রেখে চলছে প্রস্তুতি। আরও ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে অনুশীলন করছে ঐন্দ্রিলা। তার এই যাত্রা সফল হোক এমন প্রত্যাশা পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর।
রাঙ্গুনিয়ার এই ক্ষুদে শিল্পীর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। জাতীয় পর্যায়েও সে একই সাফল্যের ধারা অব্যাহত রাখবে এমন আশাবাদ সবার। তার জন্য সকলের দোয়া ও শুভকামনা কামনা করা হয়েছে। প্রতিবেদন- আব্বাস হোসাইন আফতাব