বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপ ২০২৬কে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এসেছে আনন্দের খবর। আসন্ন বিশ্বকাপের সব গুরুত্বপূর্ণ ম্যাচ দেশের তিনটি টেলিভিশন চ্যানেল এবং দুটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে বিটিভি ও টি স্পোর্টসে বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি জানা গেলেও সম্প্রতি সময় টিভিও সরাসরি ম্যাচ সম্প্রচারের ঘোষণা দিয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের দর্শকরা সহজেই টেলিভিশনের পর্দায় বিশ্বকাপের উত্তেজনা উপভোগ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে প্রতি আসরেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলের পতাকা, সমর্থকদের উচ্ছ্বাস এবং রাতভর খেলা দেখার সংস্কৃতি বিশ্বকাপকে ঘিরে দেশের ক্রীড়াপ্রেমীদের আবেগকে নতুন মাত্রা দেয়। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন ও পর্তুগালের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো।
২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশ একসঙ্গে এই মহাযজ্ঞের আয়োজন করছে। একই সঙ্গে এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।
টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর ফলে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ কিংবা স্মার্ট টিভির মাধ্যমে যেকোনো স্থান থেকে খেলা উপভোগ করা সম্ভব হবে।
সম্প্রচার মাধ্যমগুলো নিশ্চিত হওয়ায় বিশ্বকাপপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। এখন কেবল বিশ্ব ফুটবলের মহারণ শুরুর প্রহর গুনছেন বাংলাদেশের কোটি কোটি দর্শক।