উপজেলার কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে পাঁচজনকে উদ্ধার করা চার সাহসী কিশোরকে বিশেষ সম্মাননা ও পুরস্কার দিয়েছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
শনিবার (৩০ মে) দুপুরে রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক অনুষ্ঠানে সাহসী কিশোর মুহাম্মদ রবিউল্লাহ, মুহাম্মদ সাইমন, মুহাম্মদ আব্দুল্লাহ ও মুহাম্মদ অলিউল্লাহর হাতে সম্মাননা তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মুহাম্মদ বেলায়েত হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহির উদ্দিন।
জানা যায়, গত বুধবার (২৮ মে) দুপুরে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের দেওয়ানজি ঘাট ও কোদালা ঘাটের মাঝামাঝি এলাকায় কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে একই পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। এ সময় ১৫ বছর বয়সী রবিউল্লাহ দ্বিধা না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে বাবা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে সাইমন, আব্দুল্লাহ ও অলিউল্লাহকে সঙ্গে নিয়ে প্রবল স্রোত ও ঝড়ো বাতাসের মধ্যেও উদ্ধার অভিযান চালান তারা।
মাত্র ১০ মিনিটের অভিযানে দুই শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন এই চার কিশোর। উদ্ধার অভিযানে রবিউল্লাহর পায়ে আঘাত লাগলেও তিনি থেমে যাননি।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত কিশোররা বলেন, “আমাদের সাহসিকতার মূল্যায়ন করায় আমরা কৃতজ্ঞ।”
রাঙ্গুনিয়া সার্কেল অফিসার মুহাম্মদ বেলায়েত বলেন, “এই কিশোরদের সাহসিকতা সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।